Competitive Geography MCQ-7
Competitive Geography MCQ-7
সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি সপ্তম অংশ।
Competitive Geography MCQ-7
11. পৃথিবীর বায়ুমন্ডলের কোন্ স্তরটি সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি (ultraviolet radiation) শোষণের জন্য প্রধানত দায়ী?
[A] থার্মোস্ফিয়ার [B] স্ট্রেটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার [D] ট্রপোস্ফিয়ার
[এসএসসি স্টেনো (শিফট-১১১)-০৬.০৮.২০২৫]
Ans. [B] স্ট্রেটোস্ফিয়ার
সমর্থন তথ্য : স্ট্র্যাটোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান স্তর, যা ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশে অবস্থিত। এই স্তরে উপ-স্তর হিসাবে অবস্থিত ওজোন স্তর অতিবেগুনি (UV) রশ্মি শোষণ করে। ওজোন অণু (O3) সূর্যের মাঝারি-কম্পাঙ্কের অতিবেগুনি রশ্মির (বিশেষত ক্ষতিকর UV-B এবং UV-C রশ্মি) প্রায় 97% থেকে 99% শোষণ করে, যা পৃথিবীর জীবজগতকে ত্বকের ক্যান্সার, ছানি ও জিনগত ক্ষতি থেকে রক্ষা করে। এই শোষণ প্রক্রিয়ার কারণে উচ্চতার সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রাও বৃদ্ধি পায়।
12. নিচের কোন্ বিবৃতিগুলি সঠিক?
1. জন্মের হার বলতে প্রতিবছর প্রতি 1000 জন মানুষের বিপরীতে জন্মগ্রহণকারী শিশুদের সংখ্যাকে বোঝায়।
2. ‘Pull factors’ বলতে সেইসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা মানুষকে নতুন এলাকার প্রতি আকৃষ্ট করে।
3. মৃত্যুহার সবসময় জন্মহারের চেয়ে বেশি হয়।
4. ‘Push factors’-এর মধ্যে নাগরিক অস্থিরতা এবং কর্মসংস্থানের অভাব অন্তর্ভুক্ত থাকতে পারে।
[A] সবগুলি [B] 2 এবং 3
[C] 1. 2 এবং 4 [D] 1 এবং 3
[এসএসসি স্টেনো (শিফট-৩)-০৬.০৮.২০২৫]
Ans [C] 1, 2 এবং 4
সমর্থন তথ্য:মৃত্যুহার সবসময় জন্মহারের চেয়ে বেশি হয় না। যখন জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে যায়, তখন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ঘটে। বর্তমানে অনেক উন্নয়নশীল দেশেই জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি।
13. ঘাঘরা নদী ব্যবস্থা সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা কর।
1. ঘাঘরা নদী হিমালয়ের মাপচাচুঙ্গো (Mapchachungo) হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
2. সমভূমিতে প্রবেশের পূর্বে এটি শীশাপানিতে (Shishapani) একটি গভীর গিরিখাত তৈরি করে।
3. সারদা নদীতে যুক্ত হওয়ার পর এটি এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়।
উপরের কোন্ বিবৃতিটি/বিবৃতিগুলি সঠিক?
[A] কেবলমাত্র 1 এবং 3 [B] কেবলমাত্র 1 এবং 2
[C] কেবলমাত্র 2 এবং 3 [D] 1.2 এবং 3
[এসএসসি স্টেনো (শিফট-২)-০৬.০৮.২০২৫]
Ans. [B] কেবলমাত্র 1 এবং 2
সমর্থন তথ্য : ঘাঘরা নদী (নেপালে যা কর্ণালী নামেও পরিচিত) মানস সরোবর হ্রদের কাছে তিব্বত মালভূমির মাপচাচুঙ্গো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে; অর্থাৎ বিবৃতি-1 সঠিক । সমভূমিতে নামার আগে, নদীটি হিমালয় ভেদ করে শিশাপানি (চিসাপানি) নামক স্থানে একটি গভীর ও সংকীর্ণ গিরিখাত তৈরি করেছে; অর্থাৎ বিবৃতি-2 ও সঠিক । কিন্তু ঘাঘরা নদী সারদা (কালী) নদীর সাথে মিলিত হলেও, এটি এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয় না। পরিবর্তে, এটি বিহারের ছাপরা (ডোরিগঞ্জ) নামক স্থানে গঙ্গার সাথে মিলিত হয়। এলাহাবাদ (প্রয়াগরাজ) হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। অর্থাৎ বিবৃতি-3 ভুল ।
14. চাবাহার বন্দর উন্নয়নে ভারতের প্রাথমিক উদ্দেশ্য হল-
[A] পারস্য উপসাগরে সামরিক অভিযানের জন্য একটি নৌঘাঁটি স্থাপন করা
[B] পাকিস্তানকে উপেক্ষা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশ
[C] ভারতের নাগরিকদের জন্য একটি নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা
[D] শুধুমাত্র ইরানে কৃষি পণ্য রপ্তানি করা
[এসএসসি স্টেনো (শিফট-২)-০৬.০৮.২০২৫]
Ans. [B] পাকিস্তানকে উপেক্ষা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় সরাসরি প্রবেশ
সমর্থন তথ্য : ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ভারতের বিনিয়োগের প্রধান চালিকাশক্তি হলো স্থলবেষ্টিত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সম্পদশালী দেশগুলোর সাথে একটি নির্ভরযোগ্য বাণিজ্য পথের কৌশলগত চাহিদা। যেহেতু পাকিস্তান তার ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতীয় পণ্য স্থলপথে পরিবহনের অনুমতি দেয় না, তাই ভারতীয় বানিজ্যের ক্ষেত্রে চাবাহার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র-স্থল বন্দরের বিকল্প হিসেবে কাজ করে।
15. Assertion (A) এবং Reason (R)-এ দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন কর-
Assertion (A)- মৌসুমি কৃষি পদ্ধতি, যেমন খড় বা নাড়া পোড়ানো (Stubble burning) ভারতে AQI মাত্রার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।
Reason (R)- খড় বা নাড়া পোড়ানো একটি নিয়ন্ত্রিত পদ্ধতি যা বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে দূষিত বর্জ নির্গত করে না।
[A] A সত্য কিন্তু R মিথ্যা
[B] A এবং R উভয়েই সত্য কিন্তু R. A-এর সঠিক ব্যাখ্যা নয়।
[C] A মিথ্যা কিন্তু R সত্য
[D] A এবং R উভয়েই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
[এসএসসি স্টেনো (শিফট-২)-০৬.০৮.২০২৫]
Ans. [C] A মিথ্যা কিন্তু R সত্য
সমর্থন তথ্য :মৌসুমী কৃষি পদ্ধতি, বিশেষ করে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, ভারতে বায়ু গুণমান সূচকের (AQI) উপর ব্যাপক প্রভাব ফেলে। পোড়ানোর ভরা মৌসুমে (অক্টোবর-নভেম্বর), এটি দিল্লি-এনসিআর-এর মতো অঞ্চলে বায়ু দূষণের 40% পর্যন্ত অবদান রাখতে পারে, যা প্রায়শই বায়ু গুণমান সূচককে “মারাত্মক” শ্রেণিতে উত্তীণ করে। আবার ফসলের অবশিষ্টাংশ পোড়ানো কোনো নিয়ন্ত্রিত প্রক্রিয়া নয়; এটি সাধারণত খোলা মাঠে পোড়ানোর একটি পদ্ধতি। এর ফলে পিএম2.5, পিএম10, কার্বন মনোক্সাইড (CO) এবং উদ্বায়ী জৈব যৌগ (VOCs) সহ বিপুল পরিমাণে দূষক নির্গত হয়। ফলে প্রশ্নে প্রদত্ত্ব কারণটিও ভুল । কিন্তু যেহেতু আদর্শ বিকল্প উত্তর প্রশ্নে নেই সেহেতু যথার্থ উত্তর হিসাবে বিকল্প [C] ই সঠিক উত্তর ধরে নিতে হবে ।
16. নিম্নলিখিত কোন্ মালভূমিটি ভারতের উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত?
[A] মালব মালভূমি [B] দাক্ষিণাত্য মালভূমি
[C] ছোটনাগপুর মালভূমি [D] শিলং মালভূমি
[SSC Steno (Shift-11)-06.08.20251
Ans. [D] শিলং মালভূমি
সমর্থন তথ্য : শিলং মালভূমি ভারতের উত্তর-পূর্ব অংশে, বিশেষত মেঘালয় রাজ্যে অবস্থিত একটি প্রধান মালভূমি। ভূতাত্ত্বিকভাবে, এটি ভারতীয় উপদ্বীপীয় মালভূমির একটি সম্প্রসারিত অংশ হলেও গারো-রাজমহল গিরিপথ (মালদা গিরিপথ) মূল অংশ থেকে বিচ্ছিন্ন।
17. একটি দ্রুত বর্ধনশীল জনসংখ্যার ক্ষেত্রে জনসংখ্যা পিরামিড (population pyramid) কীরূপ আকার ধারণ করে?
[A] উল্টানো ত্রিভূজাকৃতি (Inverted triangle shape)
[B] বৃত্তাকার (Circular shape)
[C] ত্রিভুজাকৃতি (Triangular shape)
[D] আয়তাকার (rectangular shape)
[SSC Steno (Shift-II)-06.08.2025]
Ans: [C] ত্রিভুজাকৃতি (Triangular shape)
সমর্থন তথ্য :ত্রিভুজাকৃতি (সম্প্রসারণশীল পিরামিড) দ্রুত বর্ধনশীল জনসংখ্যার বৈশিষ্ট্য নির্দেশ করে। এই আকৃতির পিরামিডে একটি প্রশস্ত ভিত্তি রয়েছে, যা উচ্চ জন্মহার এবং বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতি নির্দেশ করে; এবং এর সরু শীর্ষভাগটি কম গড় আয়ু অথবা বয়স্কদের মধ্যে উচ্চ মৃত্যুহারের কারণে অপেক্ষাকৃত কম বয়স্ক জনসংখ্যাকে প্রতিফলিত করে। এই ধরনের পিরামিড সাধারণত নাইজেরিয়া ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়, যেখানে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
18. কোন নদীটি ভারতের উপদ্বীপীয় মালভূমিতে উৎপত্তি লাভকরেনি?
[A] গোদাবরী [B] গঙ্গা
[C] কৃষ্ণা [D] কাবেরী
[SSC Steno(Shift-1)-06.08.2025]
Ans. [B] গঙ্গা
সমর্থন তথ্য :গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি একটি হিমালয়ী নদী, উপদ্বীপীয় নদী নয়, কারণ উপদ্বীপীয় নদী সাধারণত উপদ্বীপের মধ্যেই উৎপন্ন হয়। অন্যদিকে, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী উপদ্বীপীয় মালভূমির পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। গোদাবরী: পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপন্ন; কৃষ্ণা: পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর পাহাড় থেকে উৎপন্ন এবং কাবেরী: পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে ।
19. নীচের কোন নদীটি পূর্ব উপকূলীয় সমভূমি বরাবর ব-দ্বীপ (delta) গঠন করে?
[A] নর্মদা [B] তাপি
[C] মাহি [D] গোদাবরী
Ans. [D] গোদাবরী
[SSC Steno(Shift-1)-06.08.2025
সমর্থন তথ্য : নর্মদা, তাপি ও মাহি মূলতঃ পশ্চিমবাহিনী নদী । গোদাবরী নদী ভারতীয় উপদ্বীপের উপর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পূর্ব উপকূলীয় সমভূমির অগভীর উপকূলীয় অঞ্চলে পৌঁছানোর পর এর গতি কমে যায় এবং এটি প্রচুর পরিমাণে পলি জমা করে অন্ধ্র প্রদেশে একটি বিশাল ও উর্বর ব-দ্বীপ গঠন করে। পূর্ব উপকূলে ব-দ্বীপ গঠনকারী অন্যান্য প্রধান নদীগুলির মধ্যে রয়েছে মহানদী, কৃষ্ণা ও কাবেরী।
20. বিবৃতি 1. বায়ুমন্ডলের উলম্বভাবে উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটি ‘অ্যাডভেকশন’ (Advection) নামে পরিচিত।
বিবৃতি 2: বায়ুর অনুভূমিক চলাচলের মাধ্যমে তাপের স্থানান্তরকে ‘কনভেকশন’ (Convection) বলা হয়।
বিবৃতি 3: অ্যাডভেকশনের কারণে উত্তর ভারতে গ্রীষ্মকালে লু (Loo) প্রবাহিত হয়।
উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক?
[A] 1, 2 এবং 3 [B] 2 এবং 3
[C] 1 এবং 2 [D] শুধুমাত্র 3
[SSC Steno(Shift-1)-06.08.2025]
Ans: [D] শুধুমাত্র 3
সমর্থন তথ্য :বায়ুমণ্ডলের উল্লম্বভাবে উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটি পরিচলন (Convection) নামে পরিচিত। বায়ুর অনুভূমিক চলাচলের মাধ্যমে তাপের স্থানান্তরকে প্রকৃতপক্ষে অ্যাডভেকশন (Advection) বলা হয়। ‘লু’ হলো একটি শক্তিশালী, উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকালীন বায়ু যা উত্তর ভারত ও পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়। এটি অ্যাডভেকশনের একটি প্রধান উদাহরণ, কারণ এর মাধ্যমে মরু অঞ্চল (যেমন থর মরুভূমি) থেকে উষ্ণ বায়ুপ্রবাহ সমভূমির উপর দিয়ে আনুভূমিকভাবে চলাচল করে।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.